রাজশাহীতে যুবলীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, পদ স্থগিত

রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে তাকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। একই সঙ্গে তার সাংগঠনিক পদও স্থগিত করা হয়েছে।
 
গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের জরুরি কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ এপ্রিল বিকেল ৫টায় নগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভায় ৯৩ জনের উপস্থিতিতে নগর যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সুমনকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে তার সকল সাংগঠনিক পদও স্থগিত করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল এক কিশোরের সঙ্গে যুবলীগ নেতা তৌহিদুল আলম সুমনের বিকৃত যৌনাচারের বিষয়ে একটি অনলাইনে খবর প্রকাশিত হয়। এর আগে যুবলীগ নেতা সুমনের যৌন কেলেঙ্কারির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়। এনিয়ে নগরীতে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।
 
ইত্তেফাক/এসএস