মনপুরায় পাখি শিকার করায় চারজনকে জেল ও জরিমানা

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে পাখি শিকার করা অবস্থায় চারজনকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। আটককৃতদের থেকে ১টি এয়ারগান ও ১টি ঘুঘু জব্দ করা হয়েছে।
 
ঘটনা সূত্রে জানা যায়, একদল পর্যটক মনপুরায় এসে বিভিন্ন স্পটে পাখি শিকার করছেন। খবর পেয়ে আজ শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজ ভূঁঞা অভিযান চালিয়ে হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের চৌমহনী মোড় সংলগ্ন রাস্তার উপর পাখি শিকার করা অবস্থায় চারজনকে আটক করে। এদের মধ্যে পাখি নিধনকারী ৩ জন ও গাজা বহনকারী ১জন রয়েছে। আটককৃতদের কাছ থেকে ১টি এয়ারগান ও ১টি তিলা ঘুঘু জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন আতাউল হোসেন (৩০), মো. মোহন খান (৩৫), ওয়াহিদ আলম (৩২) এবং বাদল(৩০)।
 
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বসিয়ে পাখি শিকারকারী মো. মোহন খান, ওয়াহিদ আলম ও বাদলকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়েছে। অপরদিকে তাদের সঙ্গে থাকা গাজা বহনকারী আতাউল হোসেনকে ৬ মাসের বিনাশ্রম জেল দেওয়া হয়েছে।
IMG0
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন- হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, বনকর্মকর্তা সুকুমার চন্দ্র শীল, হাজির হাট ভারপ্রাপ্ত বিটকর্মকর্তা মো. মিলন। আটককৃতদের বাড়ি বরিশাল ও সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বলে জানা যায়। তারা মনপুরায় ঘুরতে এসেছেন।
 
ইত্তেফাক/এসএস