বাউফলে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা, আটক ৭

বাউফল উপজেলায় রফিকুল ইসলাম (৪৫) নামে এক ইউপি সদস্যকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি নওমালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। শনিবার দুপুরে ওই ইউপির ভাঙ্গা ব্রিজ এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
 
হত্যার ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে। তারা হলেন- ফয়সাল মৃধা (২৫), ফয়েজ শিকদার (৩৫) নাইম (১৫), হগুমায়ুন (২১) আল আমীন (৩০) সোহরাব মৃধা (৫৫) সাহিদুল ইসলাম (৩৫)।
 
জানা যায়, চিফ হুইপ আ স ম ফিরোজ ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপের মধ্যে অনেকদিন ধরে কোন্দল চলছিল। মেয়র সমর্থক ইউপি চেয়ারম্যান শাহজাদা হাওলাদার ঘটনার দিন দুপুরে রফিকুলকে নিয়ে পটুয়াখালী থেকে ইউনিয়ন পরিষদে আসার পথে কোন্দলের জের ধরে ভাঙ্গা ব্রিজ এলাকায় হুইপের লোকজন তাদের উপর হামলা চালায়। তারা রফিকুলকে পিটিয়ে গুরুতর জখম করে। আহত অবস্থায় তাকে বাউফল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
জিয়াইল হক জুয়েল বলেন, শুনেছি চিফ হুইপের সমর্থক নওমালা ইউপির সাবেক চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসের লোকজন হামলা চালিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (চিফ হুইপের সমর্থক) আব্দুল মোতালেব হাওলাদার বলেন, শুনেছি নওমালা ইউপির চেয়ারম্যান শাহজাদা হাওলাদারের বাসায় বসে ইউপি সদস্য রফিকুল অসুস্থ হয়ে পরলে বাউফল হাসপাতালে নেয়ার পর মারা যায়। বাউফল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি