এবার গার্দিওলার লক্ষ্য পয়েন্টের রেকর্ড

পাঁচ ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে ম্যানচেস্টার সিটি। তাই শিরোপা নিয়ে এখন আর কোন মাথা ব্যাথা নেই লিগের দলগুলোর। শিরোপা নিশ্চিত হওয়ায় এবার নতুন টার্গেট দাঁড় করিয়েছেন ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা। ইংলিশ লিগে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টে রেকর্ড গড়তে চান তিনি। ইংলিশ লিগের ইতিহাসে ২০০৪-০৫ মৌসুমে সর্বোচ্চ ৯৫ পয়েন্ট অর্জন করেছিল চেলসি। তাদের ওই রেকর্ড এবার ভাঙতে চান গার্দিওলা। 
 
শিরোপা জয়ের দ্বারপ্রান্তেই ছিলো ম্যানসিটি। শিরোপা জয়ের দৌঁড়ে পাকাপোক্তভাবে না থাকলেও সিটির পেছন-পেছন ছুটছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গত ১৫ এপ্রিল ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের কাছে ১-০ গোলে হেরে সিটির হাতে শিরোপা তুলে দেয় ম্যানইউ। তাই টিভি সেটের সামনে বসেই শিরোপা জয়ের উৎসব করতে হয়েছে ম্যানসিটিকে। 
 
নিজের বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ইংলিশ লিগের শিরোপা জয় করেন গার্দিওলা। শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বসিত হয়ে এবার নতুন টার্গেট নির্ধারণ করেছেন তিনি। ইংলিশ লিগের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়তে চান গার্দিওলা। ২০০৪-০৫ মৌসুমে চেলসির গড়া রেকর্ড ভাঙতে চান তিনি। ৩৩ খেলায় ৮৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটি। লিগে বাকি ৫ ম্যাচ থেকে আর ৯ পয়েন্ট পেলেই চেলসির পুরনো রেকর্ড ভাঙতে সক্ষম হবে সিটি। 
 
গার্দিওলা বলেন, ‘অতীতে বার্সেনোলা ও বায়ার্ন মিউনিখের হয়ে পাঁচ-ছয়-সাত ম্যাচ বাকি থাকতে শিরোপা জিতেছি আমি এবং বাকি ম্যাচগুলো গুরুত্বহীন ছিল। খেলোয়াড়দের বলতে বলতে আমরা ক্লান্ত- সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু আমরা এগিয়ে যেতে পারিনি। এবার টার্গেট ছিলো, শিরোপা জিতে আমাদের টার্গেট পূরণ হয়েছে। তবে এখন লড়াইয়ে কারণ কি? অনেক বেশি গোল করা, অনেক বেশি জয়ের স্বাদ নেয়া এবং পয়েন্ট পাওয়া। এটিই আমাদের মূল লক্ষ্য।’
 
লিগের শেষ পাঁচ ম্যাচ জিতে নতুন লক্ষ্য পূরণের মিশনে সিটির প্রথম প্রতিপক্ষ সোয়ানসি সিটি। আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে দু’দলের লড়াই। সোয়ানসির বিপক্ষে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর গার্দিওলা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জয়। তাই কালকের ম্যাচে সেরাটা দিতেই আমরা মাঠে নামবো।’
 
ইত্তেফাক/কেআই