টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সাতদিন ধরে সব ধরণের ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রয়েছে। এতে রোগ নির্ণয়ে চরম ভোগান্তিতে পড়েছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
গত ১৪ এপ্রিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগ নির্ণয় কক্ষ তালাবদ্ধ। গতকাল শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের পাশের রোগ নির্ণয়ের ওই কক্ষটি তালাবদ্ধ দেখা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কক্ষ সংস্কারের কাজ চলছে। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট এসএম আসাদুজ্জামান বলেন, সংস্কার কাজ চলায় কক্ষটি তালাবদ্ধ রাখা হয়েছে। এতে ল্যাবরেটরিতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষাও বন্ধ রয়েছে।
এখানে কি ধরণের পরীক্ষা-নিরীক্ষা হয় জানতে চাইলে তিনি বলেন, অল্প খরচে প্রায় সব ধরণের প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হয় রোগীদের।
জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে বহির্বিভাগে (আউটডোর) প্রতিদিন দুইশ থেকে আড়াইশ রোগী সেবা নিতে আসেন। বহির্বিভাগের ভর্তি (ইনডোর) ও জরুরি বিভাগের রোগীসহ অনেককেই বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়।
রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সের এ সেবা না পেয়ে বেশি খরচের বেসরকারি রোগ নির্ণয় কেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন। এতে রোগীর খরচ বেড়েছে জানালেন তাদের স্বজনরা।
এদিকে পরীক্ষাগারের সংশ্লিষ্ট ব্যাক্তিরা জানান, পরীক্ষা-নিরীক্ষা বন্ধ থাকায় হাসপাতালের চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভোগান্তি বেড়েছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাফিউল করিম খান বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আওতায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কক্ষ সংস্কারের কাজ চলছে। ফলে রোগীদের সেবায় সাময়িকভাবে অসুবিধা হচ্ছে। আজ রবিবারের মধ্যে আশা করা যাচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের পরীক্ষা-নিরীক্ষার কক্ষটি সংস্কারের কাজ শেষ হবে। এরপরই রোগীরা সেবা পাবেন বলে জানান তিনি।
ইত্তেফাক/নূহু