নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় মা ও খালা গ্রেফতার

রামগতিতে পুকুর থেকে নবজাতকের (৭দিন) লাশ উদ্ধারের ঘটনায় মা ও খালাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
 
উপজেলার চর নেয়ামত গ্রামে নানার বাড়ির একটি পুকুর থেকে শুক্রবার বিকেলে নবজাতকের লাশটি উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে শনিবার লাশটি ময়নাতদন্ত করা হয়।
 
এ ঘটনায় শিশুর বাবা মো. মাকসুদ কারো নাম উল্লেখ না করে শনিবার রাতে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ শিশুর নানি আমেনা বেগম, মামী নাছরিন বেগম, মা বিবি কুলসুম, খালা ঝুমুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে আমেনা বেগম ও নাছরিনকে ছেড়ে দেয় এবং কুলসুম, ঝুমুর বেগমকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।
 
মো. মাকসুদ জানান, গত ১৩ এপ্রিল চর নেয়ামত এলাকায় তার শ্বশুর বাড়িতে ছেলের (জুনায়েদ ইসলাম তামিম) জন্ম হয়। শুক্রবার বেলা ১১টার দিকে তামিমকে নিয়ে কুলসুম ঘুমাচ্ছিলেন। দুপুরে বাড়ির লোকজনের চিৎকার শুনে তার ঘুম ভেঙে যায়। ওই সময় তামিমকে বিছানায় না পেয়ে ঘরের বাইরে গিয়ে তিনি শুনতে পান বাড়ির পুকুরে ছেলের লাশ ভাসছে। পরে লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
 
রামগতি থানার ওসি এটিএম আরিচুল হক জানান, শিশুর মা বিবি কুলসুম ও খালা ঝুমুর বেগমকে ঘটনার সাথে জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তবে জড়িত থাকার ব্যাপারে তারা কিছুই বলেন নি। এ কারণে মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি