ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) তারই অধীনস্থ সহকারী সার্জন লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি জিডি করার প্রস্তুতি নিচ্ছিলেন।
ইউএইচএফপিও ডা. মেশকাতুল অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিমুলবাড়ী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. মো. রাজিবুর রহমান (৩৩) দীর্ঘদিন ধরে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি ১২ এপ্রিল ডা. রাজিবুরের কাছে অনুপস্থিত থাকার বিষয়ে মোবাইলে জানতে চান। তখন রাজিবুর ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন।
রবিবার দুপুরে রাজিবুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় ইউএইচএফপিও নিজ কক্ষে তাকে ডেকে অনুপস্থিত থাকা ও মোবাইলে হুমকি দেয়ার কারণ জানতে চান। পরে উত্তেজিত হয়ে অফিস কক্ষের বাইরে এসে তিনি মেশকাতুল আবেদের ওপর ইট নিক্ষেপ করেন এবং জীবন নাশের হুমকি দিতে থাকেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অফিস সহায়ক মতিয়ার রাহমান ও হারুন-অর-রশিদ, অফিস সহকারী আজিজুর রহমান।
সহকারী সার্জন ডা. রাজিবুর রহমান জানান, ইউএইচএফপিও তার কাছে টাকা চেয়ে না পেয়ে তার বিরুদ্ধে এরকম অভিযোগ করছেন। ওসি খন্দকার ফুয়াদ রূহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগটি জিডি হিসেবে লিপিবদ্ধ করা হবে।
ইত্তেফাক/আরকেজি