বিসিসির নির্বাহী প্রকৌশলী লাঞ্ছিত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামানকে তার দফতরে লাঞ্ছিত ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন ঠিকাদার ও যুবদল নেতা মোমেন সিকদার। কাজ না করেই আগাম বিল চেয়ে না পেয়ে সোমবার বেলা ২টায় নির্বাহী প্রকৌশলীকে তার দফতরে লাঞ্ছিত করা হয়।
 
এক পর্যায়ে বিসিসির কর্মকর্তা-কর্মচারীদের প্রতিরোধের মুখে ঠিকাদার মোমেন সিকদার পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে নগর ভবনে অসন্তোষের সৃষ্টি হয়েছে। মোমেন সিকদারের বিচার চেয়ে বেলা ৩টায় নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীরা জরুরি সভা এবং বিকাল ৪টায় নগর ভবনের সামনে মানববন্ধন করেছেন। উপযুক্ত বিচার না পেলে তারা কঠোর আন্দোলন করার কথাও জানিয়েছেন।
 
মানববন্ধনে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মতিন, নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম স্বপন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা দীপক লাল মৃধাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি