রাজ্জাকের ঘুর্ণিতে হতাশায় শুরু শিরোপা প্রত্যাশী উত্তরাঞ্চলের

বাংলাদেশ ক্রিকেট লিগে শিরোপা ধরে রাখার প্রত্যাশায় শেষ রাউন্ড খেলতে নেমেছে বিসিবি উত্তরাঞ্চল। কিন্তু তাদের স্বপ্নে বড় ধাক্কা দিয়েছেন স্পিনার আবদুর রাজ্জাক। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের ঘূর্ণিতে প্রথম ইনিংসে উত্তরাঞ্চল অলআউট ১৮৭ রানে। উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন সোহরাওয়ারদী শুভ। এছাড়া হাফসেঞ্চুরি করেছেন নাজমুল হাসান শান্ত। 
 
আজ মঙ্গলবার বিসিএলের ষষ্ঠ রাউন্ডের খেলার প্রথম দিনে দক্ষিণাঞ্চল টস জিতে ফিল্ডিং নেয়। এই দলে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খেলায় বাড়তি আগ্রহ ছিল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। তবে সেই ম্যাচে বোলিং করে প্রথম দিনে দৃষ্টি কাড়লেন আব্দুর রাজ্জাক। 
 
অভিজ্ঞতার ঝুলিকে কাজে লাগিয়ে এই বাঁহাতি স্পিনার তুলে নিলেন উত্তরাঞ্চলের ৫ উইকেট। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ বার ৫ উইকেট পেলেন। এর মধ্যে বিসিএলেই ১৩ বার। আগের রাউন্ডেও এক ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। 
 
ইত্তেফাক/কেআই