দৌলতদিয়ায় ফেরির ক্যান্টিন মালিকসহ ৫ জনকে জরিমানা

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটের চলাচলকারী দুই ফেরির ক্যান্টিন মালিক, ফেরির টিকিট বিক্রেতা ও দৌলতদিয়া ঘাটের দুই হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিনের নির্দেশক্রমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী রো-রো- (বড়) ফেরি কেরামত আলীর ক্যান্টিনে মূল্য তালিকা না টাঙিয়ে ক্রেতাদের কাছ থেকে খাদ্যের অধিক মূল্য আদায় করার দায়ে ক্যান্টিন ইজারাদার মোকলেছুর রহমানকে ২০ হাজার টাকা ও একই অপরাধে ইউটিলিটি (ছোট) ফেরি চন্দ্রমল্লিকার ক্যান্টিন ইজারাদার নাসির উদ্দিনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
 
অপরদিকে দৌলতদিয়া ঘাটে ফেরির টিকিট বিক্রেতা শম্ভু মণ্ডল ২৫ টাকার টিকিট যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা আদায় করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দৌলতদিয়া ঘাটের লক্ষ্মী নারায়ণ হোটেলকে ৫ হাজার টাকা ও জিয়া হোটেলকে ৩ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া অপর এক অভিযানে অতিরিক্ত পণ্য পরিবহনের দায়ে চার ট্রাকচালকের কাছ থেকে ৮,২০০টাকা জরিমানা আদায় করেছে।
 
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল, কৃষি বিপনন অধিদপ্তরের রাজবাড়ী জেলা মার্কেটিং অফিসার মো. আকমল হোসেন, রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি