পাথরঘাটায় ১২টি দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্ত্বরে এঘটনা ঘটে। দীর্ঘ ৩ ঘণ্টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা আগুন নিয়ন্ত্রণে আনে।
 
আগুন নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা স্বেচ্ছাসেবক রফিকুল ইসলাম কাকন, রেজাউল কবির মিরাজ, মিলন, এসমে সিকদারসহ একাধিক ব্যক্তি জানান, হঠাৎ রাত ১২টার দিকে মসজিদের মাইকে আগুন লাগার কথা শুনে ঘটনাস্থলে গিয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও প্রায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
 
তালুকদার ফার্মেসির মালিক গিয়াস তালুকদার বলেন, আমি একদিন আগেও প্রায় ১২লাখ টাকার ওষুধ আমার দোকানে উঠিয়েছি। আমার সব শেষ হয়ে গেল এখন আমার কি হবে। আমার দোকানের কোন কিছুই রক্ষা করা যায়নি। আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।ইটালিয়ান ফুড কর্নারের মালিক রোকনুজ্জামান রুকু বলেন, আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়।
 
ফায়ার সার্ভিসের বরগুনা জেলা উপ-সহকারী পরিচালক (ডিএডি) সোহেল রানা জানান, ১২টি দোকান আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট অথবা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় কোয়েল অথবা মোমের মাধ্যমে আগুন লাগতে পারে। কোটি টাকার ক্ষতির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর ইসলাম রিপন বলেন, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেয়া হবে।
 
ইত্তেফাক/এসএস