মস্কোতে ফিফা কংগ্রেসে যোগ দেবে না ইউক্রেন

মস্কোতে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে যোগদান করবে না ইউক্রেন। আগামী জুন মাসে রাশিয়ায় শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের আগ মুহূর্তে মস্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে যোগ দেবে না বলে আজ ইউক্রেন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মস্কো তাদের দেশের বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে- এমন অভিযোগেই দেশটি এ সিদ্ধান্ত নেয়।
 
ফেডারেশনের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, মস্কোতে অনুষ্ঠিতব্য কংগ্রেসে তিন সিনিয়র ফুটবল কর্মকর্তার ইউক্রেনের প্রতিনিধিত্ব করার কথা ছিল। আগামী ১২-১৩ জুন অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেস ২০২৬ বিশ্বকাপ আয়োজক দেশ ঠিক করা হবে। মরক্কো ছাড়াও যুক্তরাস্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে মেগা এ ইভেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছে। 
 
অনুপস্থিতি এড়াতে মস্কো দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সকে ফিফা কংগ্রেসে পাঠাবে ইউক্রেন। তবে ফেডারেশন কর্মকর্তা ছাড়া কোন কুটনীতিবিদকে ফিফা গ্রহণ করবে কিনা তা নিশ্চিত নয়। ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইউক্রেন।
 
ইত্তেফাক/কেআই