মোরেলগঞ্জে বুধবার বিএসটিআই অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে ২০ হাজার টাকা ও পানগুছি নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের সময় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন পৃথক পৃথক ভাবে এ জরিমানা আদায় করেন।
জানা গেছে, উপজেলার বেসরকারি সংস্থা আরআরএফ বিএসটিআই অনুমোদন ছাড়াই পানি উৎপাদন ও বাজারজাত করছে। এ অভিযোগের প্রেক্ষিতে বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান অভিযান চালিয়ে বিষয়টি সত্যতা পেলে ভোক্তা অধিকার আইনে এ প্রকল্পের দায়িত্বরত সুভাষ চন্দ্র চক্রবর্তীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একইদিনে পানগুছি নদীর কাঁঠালতলা নামকস্থানে অবৈধভাবে বালি উত্তোলনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন অভিযান চালিয়ে বোট মালিক মাহিবুর রহমানকে বালুমহল ও মাটি উত্তোলন আইন-২০১০ এর ধারা মতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। মাহিবুর রহমান ঝালকাঠির রাজাপুর গ্রামের মৃত. নুরুল ইসলাম জোমাদ্দারের ছেলে।
ইত্তেফাক/আরকেজি