জেলার আলফাডাঙ্গা উপজেলায় সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সরেজমিনে জানা যায়, বানা ইউনিয়নের বানা বাজারে সরকারি সকল নিয়মনীতি উপেক্ষা করে পাঁচ লাখ টাকা মূল্যের অর্ধশতবর্ষী দুইটি রেন্ট্রি কড়ই গাছ জেলা প্রশাসকের দোহাই দিয়ে কাটা হয়েছে বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাবু হাদী সাংবাদিকদের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।
চেয়ারম্যান আরো বলেন, আমি চেয়ারম্যান হিসেবে আমার ইউনিয়নে গাছ কাটার ঘটনা জানি না। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার জানা মতে, সরকারি গাছ কাটতে হলে উপজেলা ও জেলা টেন্ডার কমিটির সুপারিশের আলোকে মন্ত্রণালয়ের নির্দেশে গাছ কাটা যায়। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কোনো কর্মকর্তা কোনভাবে জনকল্যাণমূলক গাছ কাটতে পারে না। যেহেতু ওই দুটি গাছ বানা বাজারকে ছায়া দান করে থাকে। সাধারণ মানুষ, ক্লান্ত পথিক ও ব্যবসায়ীরা অতি গরমে বিশ্রাম নিয়ে থাকেন।
এ কারণে আমি গাছ কাটার কিছু অংশ বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আটকে রেখেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় গাছ কাটার কথা স্বীকার করে মোবাইল ফোনে এ সংবাদদাতাকে বলেন, বাজারে ক্ষতি করায় এলাকার কিছু লোকের আবেদনের প্রেক্ষিতে উপজেলা সমন্বয় সভায় রেজুলেশন করে গাছ দুইটি কাটা হয়েছে। তবে গাছ দুইটি এখনো বিক্রি করা হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সচেতন এলাকাবাসীর দাবি, গাছ কাটা মোটেই ন্যায়সঙ্গত কোনো সিদ্ধান্ত নয়। আর রক্ষক হয়ে সরকারি কর্মকর্তা কোনভাবেই গাছ কাটতে পারে না। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী অসন্তোষ প্রকাশ করে বিষয়টি প্রশাসনিকভাবে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
ইত্তেফাক/নূহু