ফরিদপুরের চরভদ্রাসনের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নদী ভাঙন প্রতিরোধে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)। বৃহস্পতিবার চরভদ্রাসনে সারাদিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন কক্ষ বিশিষ্ট আনুভূমিক সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এলাকাবাসীর উদ্দেশ্যে নিক্সন চৌধুরী আরও বলেন, ‘চরভদ্রাসনে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ২০১৬ সালে মন্ত্রী বরাবর একটি ডিও পাঠাই, যার পরিপ্রেক্ষিতে স্থায়ী বাঁধ নির্মাণের কাজের প্রি-একনেক শেষ হয়েছে, আগামী মাসে একনেকে উঠবে এবং এর প্রজেক্টের মূল্য ধরা হয়েছে ৩৩৪ কোটি টাকা। যা টেন্ডারের মাধ্যমে পানি মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড অতি শিগগিই স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, বিশিষ্ট ব্যাবসায়ী মো. আনোয়ার আলী মোল্যা, থানা যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মো. শাহজাহান মোল্যা, মো. রাসেল জামান, মো. মোন্নাফ মোল্যা ও মো. লিয়াকত আলী মোল্যা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি