লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলি, নিহত ১

লক্ষ্মীপুরে পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একাধিক মামলার আসামি নুরুল আলম নুরা নামের একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের চরশাহী ইউনিয়নের গণিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপ গান, ৫ রাউন্ড কার্তুজ, ৬ রাউন্ড গুলির খোসা ও ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে বলে দাবী করে পুলিশ। নিহত নুরুল আলম নুরার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত নুরা পূর্ব জাফরপুর গ্রামের শামছুদ্দোহার ছেলে।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমদ ইত্তেফাককে জানান, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে তারা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে স্থানীয় গ্রামবাসী বেরিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় হত্যা, ডাকাতিসহ ৬ মামলার আসামি নুরুল আলম নুরাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এসএস