রাজশাহীর চারঘাট উপজেলার হাজীর ঢালান এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ডাকাত রায়হান সরদার বাঘা উপজেলার ব্রাহ্মণডাঙা জোতরাঘব গ্রামের মতলেব সরদারের ছেলে।
বন্দুকযুদ্ধের সময় র্যাবের চারজন সদস্য আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে র্যাব ঘটনাস্থল থেকে পিস্তল, ম্যাগজিন, চার রাউন্ড গুলি, দুটি রামদা, দুটি চাকু, রড ও রেঞ্জসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, র্যাবের একটি দল শুক্রবার ভোরে চারঘাটে টহল দিচ্ছিল। দলটি বাঘা-চারঘাট সড়কের হাজীর ঢালান এলাকায় পৌঁছালে স্থানীয়রা জানায় কয়েকজন ডাকাত এলাকার একটি মাঠে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরের ভিত্তিতে টহল দলটি সেখানে যায়।
এ সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত রায়হান সরদার গুরুতর আহত হয়। তাকে উদ্ধার চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
র্যাব কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, রায়হানের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হবে।
ইত্তেফাক/আরকেজি