বরিশাল নগরীর কাশিপুর হাইস্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী শুক্রবার দুপুরে নগরীর কলেজ রো’ এলাকার একটি মেসে গণধর্ষণের শিকার হয়েছে। দুপুরেই তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
বিএমপি কমিশনার এস এম রুহুল আমিন জানান, দুপুর ১২টার দিকে ঐ ছাত্রী (১৮) নোট আনতে বিএম কলেজের সামনে তার বয়ফ্রেন্ড সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমতিয়াজের মেসে যায়। এসময় স্থানীয় চিহ্নিত দুস্কৃতকারী বখাটে রাব্বী ঐ ছাত্রীকে জোরপূর্বক সেখান থেকে কলেজ রো’র সিকদার ভিলার একটি মেসে নিয়ে যায়। এরপর ঐ মেসের বাসিন্দা বিএম কলেজের ছাত্র সাইফুল ইসলাম সজিবের কক্ষে নিয়ে চেতনানাশক কিছু খাইয়ে ছাত্রীকে রাব্বি, সজিব ও মানিক নামে তিনজন ধর্ষণ করে। এদিকে, বান্ধবীকে জোরপূর্বক তুলে নেওয়ার খবর ইমতিয়াজ কোতয়ালী মডেল থানা পুলিশকে জানালে পুলিশ কলেজ রো’র ঐ বাসা থেকে সজিব এবং নগরীর মরকখোলার পুল এলাকা থেকে রাব্বি এবং বিএম কলেজ থেকে মানিককে গ্রেফতার করে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কমিশনার।
ইত্তেফাক/এমআই