নেক ব্লাস্ট: ধানক্ষেতে আগুন দিয়ে প্রতিবাদ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নেক ব্লাস্টার রোগে আক্রান্ত ১ একর ৪৩ শতাংশ বোরো ধান ক্ষেত পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন এক কৃষক। উপজেলার দক্ষিণ ইছাকুড়ি গ্রামে শনিবার বেলা ১১টার দিকে বোরো ধানক্ষেতে ঘটনাটি ঘটেছে।
 
ওই গ্রামের কৃষক মতিয়ার রহমান চিশতি তার নিজেস্ব ১ একর ৪৩শতাংশ জমিতে বোরো ধান আবাদ করেন। নেক ব্লাস্টার রোগে আক্রান্ত হয়ে তার বোরো ধান ক্ষেত নষ্ট হয়ে যায়। তিনি আক্রান্ত ফসলের জমিতে আগুন দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।
 
বন্যার পর এবার ব্লাস্টার রোগে ফসল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন রৌমারী উপজেলার কৃষকরা। বোরো ধান রোপনের শুরুতে ভালো ফসল দেখে কৃষক খুশি হলেও এখন হতাশার ছাপ।
 
কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি বোরো মৌসুমে সাড়ে ১০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় দুই হাজার হেক্টর বোরো ধানের জমি নেক ব্লাস্টার রোগে আক্রান্ত। ফলে লক্ষ্যমাত্র অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সারা বাংলাদেশেই নেক ব্লাস্টার রোগের আক্রমণ হয়েছে। আমারা যথা সাধ্য চেষ্টা করেছি, এ রোগ প্রতিরোধ করা জন্য। কৃষকদের সচেতনতার অভাবে এ রোগে আক্রমণ বেশি হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি