হনুমান দলছুট হয়ে কয়েকদিন ধরে বগুড়ার শেরপুরের লোকালয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। না পাচ্ছে আশ্রয়স্থল, না পাচ্ছে তার নিজের জীবনের নিরাপত্তা। জীবনানাশের আশঙ্কা মাথায় নিয়ে তবুও ছুটে বেড়াচ্ছে কিছু খাদ্য ও অভয়াশ্রমের সন্ধানে।
জানা যায়, ৪/৫দিন আগে বন্যপ্রাণী হনুমানের হঠাৎ আগমন ঘটে বগুড়ার শেরপুর উপজেলার শালফা গ্রামে। সেখান থেকেই ছড়িয়ে পড়ে পুরো উপজেলায় হনুমান আতঙ্ক। তবে হনুমানটি এখন শহরের বিভিন্ন পাড়া মহল্লাসহ আশপাশের গ্রামগুলোয় ঘুরে বেড়াচ্ছে।
কৌতুহলী জনতা শখ করে হনুমানটিকে রুটি, কলা, বিস্কুট ছুড়ে দিলেও কেউ তাকে ইট, পাটকেল নিক্ষেপ করছে।
জানা যায়, হনুমানটি এ পর্যন্ত কেউ আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত না করলেও তার প্রাণ সংশয়ের আশঙ্কা কিছুতেই কাটছে না সচেতনমহলে। হনুমানটিকে নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে দেয়ার জন্য বা তার জীবন রক্ষার্থে প্রসাশনের পক্ষ থেকে এখনো কোন পদক্ষেপ নেয়া হয়নি।
শেরপুর ফরেস্ট রেঞ্জার মো. আয়নাল হক বলেছেন, বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতর থেকে হনুমানটিকে ধরতে নিষেধ করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি