গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মেয়র প্রার্থীসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পালে জোর হাওয়া লাগতে শুরু করেছে। বিশেষ করে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণা বর্তমানে তুঙ্গে উঠেছে। দু’মেয়র প্রার্থীই বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তাদের প্রচারণরায় যুক্ত হচ্ছেন উভয় দলের কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা।
আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি নির্বাচন নিয়ে এলাকায় তো বটেই দেশের সর্বত্রই চলছে নানা জল্পনা-কল্পনা। বিশেষ করে জাতীয় রাজনৈতিক অঙ্গনে এ নির্বাচনের প্রভাব-প্রতিক্রিয়া নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। মেয়র পদে নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ধারনা করা হচ্ছে।
প্রতিদ্বন্দ্বী এ দুই মেয়র প্রার্থীর চাওয়া একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের। তবে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ার অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি বলেন, তার পক্ষে প্রচারকাজ করার সময় জামায়াতের গাজীপুর মহানগর শাখার আমিরসহ ৪৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। ওই প্রার্থীর অভিযোগ সম্পর্কে নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার ভোটার এবং স্থানীয় নেতাকর্মীদের উপর আস্থা রাখতে পারছেন না। তিনি বহিরাগতদের নিয়ে এসে প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের যৌথ সভাঃ শনিবার সকালে গাজীপুরের মৌচাক এলাকায় জেলা আওয়ামীলীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর কবীর নানক।
সভায় গাজীপুর সিটি নির্বাচনের নানা কৌশল নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয় ওই নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের জন্য ১১৬টি কমিটি গঠন করা হয়েছে। প্রতি কমিটিতে ১০জনের একটি দল গত ২৪ এপ্রিল থেকে নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। মহানগর আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগকে যৌথভাবে কাজ করার আহবান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৃনাল কান্তি দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অসিম উকিল, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য সিমিন হোসেন রিমি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় জাহাঙ্গীর কবীর নানক বলেন, জাতীয় নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচন আলাদা বিষয়। তবে এই নির্বাচনের জয়-পরাজয় নিয়ে বিএনপি বলছে যে সিটি নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের হলুদ কার্ড ও জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে লাল কার্ড দেখাবে। আসলে ওনারাই তো লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিতাড়িত হয়ে গেছেন। ওনারাই ওনাদের হলুদ কার্ড দেখাচ্ছেন। বিএনপির রাজনীতির প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। বিএনপির রাজনীতির আর প্রয়োজন নেই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গাজীপুর হলো নৌকার এলাকা, আওয়ামী লীগের ঘাঁটি। আমরা বিশ্বাস করি আগামী ১৫ মে নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম বিপুল ভোটে জয়লাভ করবেন। তিনি বলেন, এমন কোন পরিস্থিতি হয়নি যে এ নির্বাচনে সেনাবাহিনীকে আমন্ত্রন জানানো হবে। এটা নির্বাচন কমিশনের ব্যাপার। প্রত্যেক প্রার্থী সমান সুযোগ পেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
জাহাঙ্গীর আলমের প্রচারণা ঃ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম শনিবার দিনভর টঙ্গীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি সিটি কর্পোরেশনের ৪৪ ও ৪৭ নম্বর ওয়ার্ডের পাগাড় পাঠানপাড়া, ঝিনু মার্কেট, টিএন্ডটি বাজার, কেটু মোড়, গোপালপুর, শিলমুন, মরকুন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। এ সময় টঙ্গী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সহ সভাপতি আসাদুর রহমান কিরন, বিসিক শ্রমিক লীগের সভাপতি আব্দুল কুদ্দুস, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনির সরকার, ছাত্রলীগ টঙ্গী কলেজ শাখার সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
গণসংযোগ ও পথ সভায় জাহাঙ্গীর আলম উন্নয়নের স্বার্থে, একটি সুন্দর ও পরিকল্পিত নগরী গড়তে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।
হাসান উদ্দিন সরকারের গণসংযোগঃ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার শনিবার সকাল ১০টায় টঙ্গীর দত্তপাড়া বনমালা রোডে গণসংযোগ করেন। এরপর তিনি বনমালা রেলগেট, দত্তপাড়া রিয়া গার্মেন্টস মোড় ও বিকালে টঙ্গীর মিলগেটে এবং সন্ধ্যায় আরিচপুর মধুমিতা কাঁচা বাজারে নির্বাচনী সভা করেন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সিনিয়র সহ সভাপতি সালাহ উদ্দিন সরকার, যুবদল নেতা বসির উদ্দিন, জেলা ছাত্রদল সভাপতি শরাফত হোসেন প্রমুখ।
গণসংযোগ ও পথসভায় হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন এবং বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় গণসংযোগ করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, সুরুজ আহমেদ, তারেক আহমেদ ছাবেদ, সেলিম রানা, মোবারক হোসেন প্রমুখ। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, সহসভাপতি গোলাম সারোয়ার, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ অন্যান্য নেতৃবৃন্দ নগরীর ৪৮নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।
ইসলামী ঐক্যজোট প্রার্থীর প্রচারণাঃ ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান শনিবার নগরীর চৌরাস্তা, সালনা বাজার, পোড়াবাড়ী, মাস্টার বাড়ী, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, পূবাইল বাজার, মীরের বাজার মেখডুবি বাজার, কলের বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব আলতাফ হোসেন প্রমুখ।
চার প্রার্থীকে জরিমানাঃ আচরণবিধি লংঘনের দায়ে গাজীপুর সিটি নির্বাচনের চার কাউন্সিলর প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোবায়ের আলম শুক্রবার রাতে এ আদালত পরিচালনা করেন। সহকারি রিটার্নিং অফিসার মো: শাহিন আকন্দ জানান, পোস্টারের সাইজ নির্ধারিত আকারের চেয়ে বড় হওয়ায় এবং আঠা দিয়ে পোস্টার দেয়ালে আটকানোর অভিযোগে ২৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো: আব্দুল করিম (ঠেলাগাড়ি) ও মো: হান্নান মিয়া হান্নু এবং ৯নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর প্রার্থী খন্দকার নুরুন্নাহার ও সাবিহা বেগমকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইত্তেফাক/নূহু