কুমিল্লার দেবিদ্বারে নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীকে উপর্যুপরী ছুরিকাঘাত করে এবং চৌদ্দগ্রামে বদিউল আলম (২৬) নামে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। গত শনিবার রাতে জেলার চৌদ্দগ্রামের কেচকিমুড়া গ্রামে ও দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম দেবিদ্বারের ধামতী গ্রামের দুধ মিয়ার ছেলে এবং বদিউল আলম চৌদ্দগ্রামের কেচকিমুড়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, নিহত বদিউল আলম একজন হোটেল কর্মচারী ছিলেন। তিনি তার বাড়ির পার্শ্ববর্তী জগন্নাথ দীঘিরপাড়ে বিভিন্ন হোটেলে দৈনিক মজুরীর ভিত্তিতে কাজ করতেন। শনিবার রাতে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে কেচকিমুড়া এলাকায় পৌঁছার পর দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. ফয়সাল জানান, বদিউল আলম মৃত্যুর আগে দুর্বৃত্তদের একজনের নাম বলেছে। এ ঘটনায় নিহতের মা হালিমা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চলছে।
অপর ঘটনায় দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে শনিবার রাতে নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে উপর্যুপরী ছুরিকাঘাত করে। এতে আশংকাজনক অবস্থায় তাকে প্রথমে দেবিদ্বার, পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
নিহতের ভাই স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, একই গ্রামের রায়হান ও আবু হানিফের নিকট আমার ভাই ৩ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকা পরিশোধের কথা বলে তারা শনিবার রাতে মোবাইল ফোনে আমার ভাইকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে ও শ্বাসনালী কেটে নৃশংসভাবে হত্যা করে। থানার ওসি মিজানুর রহমান আরও জানান, ঢাকা মেডিক্যালে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলে নিহতের পরিবারের লোকজন জানিয়েছেন। মরদেহ বাড়িতে আনার পর রাতে মামলা দায়ের করা হতে পারে।
ইত্তেফাক/এমআই