হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন চেন্নাই সুপার কিংসের ফাস্ট বোলার দীপক চাহার। পুনেতে রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে চাহার হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন।
তৃতীয় ওভারের প্রথম বল করার সময় চাহারের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে। ঐ বলটির পরপরই তিনি মাঠ ত্যাগ করেন ও পরে আর মাঠে ফিরতে পারেননি। সুপার কিংস কোচ স্টিফেন ফ্লেমিং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চাহারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘এর আগেও তার হ্যামস্ট্রিংয়ে ইনজুরি ছিল। ধারণা করা হচ্ছে দুই সপ্তাহের জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। এটা সত্যিই আমাদের জন্য হতাশার।’
ফ্লেমিং আরো জানিয়েছেন বাবার মৃত্যুর জন্য দক্ষিণ আফ্রিকায় ফিরে যাওয়া লুনগি এনগিদি পুনরায় দলে ফিরেছেন। এবারের মৌসুমে এ পর্যন্ত চেন্নাইয়ের সাতটি ম্যাচেই খেলেছেন চাহার। এই ম্যাচগুলোতে তিনি ২৫.৫০ গড়ে ৬টি উইকেট তুলে নিয়েছেন। এর মধ্যে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ জয়ী ১৫ রানে ৩ উইকেট প্রাপ্তি। বাসস।
ইত্তেফাক/রেজা