রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিকমানের: উপাচার্য মাসুম হাবিব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মাসুম হাবিব বলেছেন, ‘বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও সেবার মানউন্নয়ন এবং সম্প্রসারণের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন।
 
নতুন কোর্স-কারিকুলাম সংযোজনের মাধ্যমে চিকিৎসা গবেষণা ও সেবায় দক্ষ জনশক্তি গড়ে তোলার পথপ্রশস্ত করতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে নিরলসভাবে কাজ করে চলেছি।
 
রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে গত একবছরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের সময় তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেছেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীনে ৮৫টি ডিসিপ্লিনে চিকিৎসা ক্ষেত্রে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ থাকবে। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের চিকিৎসা শিক্ষার সমন্বয় সাধনে সিজিপিএ ফলাফল সিস্টেম চালু, ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি কোর্স এবং ব্যাচেলর অফ নার্সিং কোর্সের শিক্ষা কারিকুলাম যুগোপযোগী করা হবে।
 
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ও কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. সারওয়ার জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ড. আনোয়ার হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি