জাতীয়করণ হতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার নতুন শর্ত

ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর শর্ত বাদ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯

জাতীয়করণ হতে শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার নতুন শর্ত আরোপ করা হয়েছে। একই সঙ্গে ন্যূনতম শিক্ষার্থী সংখ্যা ও পাবলিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর শর্ত বাদ দেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ নীতিমালা-২০২৬-এর খসড়া চূড়ান্ত করতে গতকাল সোমবার অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন আরেকটি সভায় নীতিমালাটি চূড়ান্ত করবেন। নতুন খসড়ায় পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের নির্দিষ্ট বাধ্যবাধকতা বাদ দেওয়া হলেও শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স কমপক্ষে ২৫ বছর হওয়ার শর্ত যুক্ত করা হয়েছে। তবে আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে ভালো অবস্থানে থাকা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

নতুন খসড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণের জন্য প্রয়োজনীয় শর্ত অংশে পরিবর্তন আনা হয়েছে। সেখানে বলা হয়, সরকার জনস্বার্থে যে কোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারবে। নিজস্ব দখল ও মালিকানায় অবস্থিত খেলার মাঠসহ পর্যাপ্ত শর্তমুক্ত অখণ্ড নিষ্কণ্টক উপযুক্ত ভূমি থাকতে হবে। সরকারি সংস্থা পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংস্থা থেকে প্রতিষ্ঠানের অনুকূলে জমি বরাদ্দের লিখিত বরাদ্দপত্র থাকতে হবে। এই জমি বিদ্যালয় ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। প্রস্তাবিত শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে। প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাসহ প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র‍্যাম্প সুবিধা থাকতে হবে।

এবার নতুন খসড়ায় ন্যূনতম শিক্ষার্থীর সংখ্যা অংশ বাদ দেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন করে শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা শিরোনামে নতুন ধারা যুক্ত করা হয়েছে। সেখানে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) প্রযোজ্য হবে। এছাড়া, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগকৃত থাকতে হবে।

নতুন খসড়ায় গ্রন্থাগারের শর্ত অংশও অপরিবর্তিত রাখা হয়েছে। নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে ন্যূনতম ৩ হাজার বই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গ্রন্থাগারে ন্যূনতম ৫ হাজার বই থাকতে হবে। উচ্চ মাধ্যমিক কলেজ-স্নাতক কলেজ গ্রন্থাগারে ন্যূনতম ১০ হাজার বই থাকতে হবে। সহপাঠক্রমিক কার্যক্রম অংশও অপরিবর্তিত রাখা হয়েছে। সেখানে বলা হয়, তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ল্যাংগুয়েজ ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার, বিএনসিসি, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি কার্যক্রমে কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ল্যাব এবং প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারসহ ন্যূনতম একটি স্বতন্ত্র আইসিটি/কম্পিউটার ল্যাব সুবিধা থাকতে হবে। অগ্রাধিকার অংশও কিছু পরিবর্তন আনা হয়নি। সেখানে বলা হয়, আর্থ-সামাজিকভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্য পীড়িত ও অপেক্ষাকৃত কম শিক্ষার হার বিশিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান। সংশ্লিষ্ট এলাকার পুরাতন, ঐতিহ্যবাহী এবং পূর্ববর্তী পাঁচ বছরের মোট শিক্ষার্থীর সংখ্যা এবং পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে এলাকাভিত্তিক প্রতিষ্ঠানটির অবস্থান। সরকার বিশেষ বিবেচনায় এই নীতিমালার যে কোনো শর্ত শিথিল করে যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণ করতে পারেন। এই নীতিমালা সম্পর্কিত কোনো বিষয়ের ব্যাখ্যা-সুস্পষ্টকরণের প্রয়োজন হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

জানা গেছে, ২০২৬ সালে সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। জাতীয়করণের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় ঢাকা বিভাগের ২১টি প্রতিষ্ঠান রয়েছে। রাজশাহী বিভাগে জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে বগুড়ায় সবচেয়ে বেশি ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এছাড়া নওগাঁর পাঁচটি, নাটোরের তিনটি, সিরাজগঞ্জের দুটি, চাঁপাইনবাগঞ্জের দুটি এবং রাজশাহী ও পাবনার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে। জাতীয়করণের তালিকায় রংপুর অঞ্চলের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের পাঁচটি, পঞ্চগড়ের দুটি, দিনাজপুর, গাইবান্ধা এবং নীলফামারীর একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। খুলনা বিভাগে জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে তালিকায় রয়েছে ৯ শিক্ষাপ্রতিষ্ঠান। জাতীয়করণের তালিকায় থাকা ময়মনসিংহ বিভাগের দুই শিক্ষাপ্রতিষ্ঠান হলো আস্কর আলী উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ এবং মাইজবাড়ী হাতেম তাই উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ।

ইত্তেফাক/এনএন