রংপুরের পীরগঞ্জে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার পার্বতীপুর (উত্তরপাড়া) গ্রামের আ. হাকিম মিয়ার মেয়ে মঞ্জুরী বেগমের সঙ্গে চাপাবাড়ী গ্রামের মৃত আলেপ মিয়ার ছেলে মমতাজ আলীর প্রায় ২০ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে ৪জন সন্তান রয়েছে।
পারিবারিক বিরোধের কারণে মমতাজ শনিবার বিকালে মঞ্জুরী বেগমকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। রাতে তিনি অসুস্থ অবস্থায় স্বামীর বাড়িতে অবস্থান করেন।
রবিবার সকালে তাকে ডাকাডাকি করা হয়। এতে তার কোন সাড়া না পাওয়ায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুশান্ত সরকার, এসআই নারায়ন চন্দ্রসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মঞ্জুরীর বড়ভাই বাদী হয়ে ইউডি মামলা করেছেন।
সুশান্ত সরকার জানান, মঞ্জুরীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে মারধরের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/আরকেজি