আলমডাঙ্গায় ৫২০টি ইয়াবাসহ মাগুরার দুই মাদক ব্যবসায়ী আটক

আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওঁৎ পেতে থেকে ৫২০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতার দুজন মাগুরা জেলার নতুনবাজার শাহপাড়ার শ্রী সাধন সরকারের ছেলে মিলন সরকার ও মাগুরার শালিখার খিলগাতি গ্রামের মৃত নওশের আলীর ছেলে আব্দুর রাজ্জাক। আজ রবিবার বিকেলে আলমডাঙ্গা মহিলা কলেজের পেছনের সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ইত্তেফাককে জানান, দুজন ইয়াবার একটি বড় চালান নিয়ে আলমডাঙ্গায় ঢুকছে এমন খবর জানতে পেরে পুলিশের এসআই একরাম ও এএসআই মোস্তফা কামাল মহিলা কলেজের পেছনের ঝোপঝাড়ে ওঁত পেতে থাকে। মাদক ব্যবসায়ী দুজন ওই সড়ক দিয়ে রেলস্টেশনের দিকে যাওয়ার সময়  তাদেরকে ধরা হয়। এ সময় তাদের কাছে ৫২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আবু জিহাদ খান আরো জানান, মাদক ব্যবসায়ী দুজন আলমডাঙ্গায় যাদের কাছে ওই ইয়াবার চালান দিতে এসেছিল তাদের ধরতে অভিযান চলছে। পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে রাখা হয়েছে।

ইত্তেফাক/নূহু