স্বাধীনতার ৪৭ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি নূরুল ইসলাম


স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ জয়ী সৈনিক নুরুল ইসলাম (৮০) স্বাধীনতার দীর্ঘ ৪৭ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। শেষ জীবনে এসে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আশা পোষণ করেছেন।

জানা গেছে, গত বছরের ৪ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে সাক্ষাত্কার দিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়ার স্বপ্ন দেখলেও সম্প্রতি তালিকাভুক্তি নিয়ে অনিয়ম উঠায় ওই কার্যক্রম স্থগিত করা হয়েছে। এতে তার শেষ আশাটুকুও ভেস্তে গেছে। নুরুল ইসলামের কাছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানী স্বাক্ষরিত স্বাধীনতা সংগ্রামের সনদপত্র রয়েছে। নুরুল ইসলামের বাড়ি নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামে। এলাকাবাসীর দেওয়া সাহায্যে অনেক কষ্টে তার জীবন কাটছে। অর্থ সংকটের কারণে নিয়মিত ওষুধও খেতে পারছেন না।

নুরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন মৃত্যুর আগে অন্তত একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়ে রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে শান্তিতে মরতে চাই।

ইত্তেফাক/নূহু