নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবার ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশে চাকরি নেয়ায় তিন কনস্টেবলের বিরুদ্ধে প্রতারণা মামলা করেছে পুলিশ। মামলার আসামিরা হলো আড়াইহাজার উপজেলার বদলপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে কনস্টেবল নাজমুল, একই উপজেলার বিবির কান্দি গ্রামের নাজমুল সরকারের ছেলে লিটন একই গ্রামের আব্দুস ছামাদ মিয়ার ছেলে মজনু। চার বছর ধরে তারা বিভিন্ন জেলায় পুলিশে চাকরি করছে।
সোমবার বিকেলে সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি শাহ মঞ্জুর কাদের জানান, চার বছর পূর্বে আড়াইহাজার উপজেলার তিন যুবক মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে ভুয়া সনদ দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়। পরে ২০১৭ সালের ৮ জুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ওই যুবকদের দাখিল করা তাদের পিতার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে প্রমানিত হয়।
নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের পরিদর্শক (আরওআই) হাবিবুর রহমান বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় কনস্টেবল নাজমুল হক (২৪), কনস্টেবল লিটন সরকার (২৭) ও কনস্টেবল মজনু মিয়াকে (২৬) আসামি করে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু