১ মে থেকে ইলিশ ধরতে নেই মানা

জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ছিল। মঙ্গলবার (১ মে) রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা শেষ হলো। এখন ইলিশসহ সকল ধরনের মাছ আহরণে নেই মানা। ইতোমধ্যেই জেলেরা ইলিশ আহরণে জাল ও নৌকা প্রস্তুত করে রেখেছেন।
 
সোমবার বিকেলে জেলা সদরের পুরাণ বাজার রনাগোয়াল, রামদাসদী, বহরিয়া বাজার, হরিণা ফেরিঘাট, আনন্দ বাজার এলাকার জেলে পাড়া ঘুরে জেলেদের সাথে আলাপ করলে তারা জানান, গত দুই মাস সরকারের পক্ষ থেকে দেয়া জাটকা সংরক্ষণ কর্মসূচি অভয়াশ্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তবে বিকল্প হিসেবে সরকার তাদের যে বরাদ্দ দিয়েছে তা দিয়ে সংসার চলেনি। সরকারের পক্ষ থেকে সংসার চালানোর জন্য নূন্যতম খরচ দেয়ার দাবি জানান তারা।
 
জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক জানান, ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরই জেলে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ভূমিকা পালন করা হয়। জেলা টাস্কফোর্সের সাথে যৌথভাবে তারা জাটকা সংরক্ষণ অভিযানে সহযোগিতা করেন। জেলেদের সচেতন করার কারণে এখন আর জাটকা নিধন করেন না।
 
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী জানান, জেলা মৎস্য বিভাগ জেলেদের সচেতন করার জন্য বেশি কাজ করছে। কারণ এসব জাটকা বড় হলে তারাই আহরণ করবে। আশা করছি মার্চ-এপ্রিল এই দুইমাসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের কারণে ইলিশ উৎপাদন আরো বাড়বে।
 
ইত্তেফাক/আরকেজি