গফরগাঁওয়ে নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা

অপরিকল্পিত রাস্তাঘাট নির্মাণ, ডোবানালা, পুকুর ও নিচুস্থান ভরাট এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে গফরগাঁও পৌরশহরের কমপক্ষে ১২টি মহল্লায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতে শহরের টিচার্স রোড, হাসপাতাল রোড বাইলেন, পশু হাসপাতাল রোড বাইলেন, পন্ডিতপাড়া, মাজার রোড, শহীদ বেলাল প্লাজা সংলগ্ন মহল্লা, শিবগঞ্জ রোড ১নং গলি, ২নং গলি, মসজিদ গলি, রাঘাইচট্টি মুক্তিযোদ্ধা গফুর সড়ক, সালটিয়া হিন্দুপাড়া, সরকারি কলেজের পিছনের মহল্লা, ইমামবাড়ি এলাকার বাসাবাড়ি ও গলিতে হাঁটু পর্যন্ত বৃষ্টির পানি জমে। বর্ষণ একটু ভারি হলে বসতঘরে পানি ঢুকে যায়। এসব এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থার অভাবে পানি জমে থাকায় পানির ওপর দিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীর। নর্দমার পানির সাথে জমে থাকা পানি একাকার হয়ে দুর্গন্ধে সৃষ্টি হয় এবং জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ পৌরসভার অপর্যাপ্ত ও অপরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থার কারণে বৃষ্টির পানিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া শহরের বিভিন্ন এলাকায় ডোবানালা, পুকুর, জলাশয়, নিম্নাঞ্চল ভরাটের কারণে সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। এ ব্যাপারে গফরগাঁও পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান বলেন, বর্তমান মেয়রের নির্দেশে শহরের পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। এ মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য প্রায় ৩৫ কোটি টাকা প্রয়োজন। এ মাস্টার প্ল্যান মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু