ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরকলমী গ্রামে সিরাজুল ইসলাম লাঠিয়াল নামের এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে চরকলমী গ্রামের লাঠিয়াল বাড়িতে এঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম উত্তর চরকলমী গ্রামের মোস্তফা লাঠিয়ালের ছেলে। এঘটনায় নিহতের চাচাতো ভাই হারুন ও চাচা ছিদ্দিক লাঠিয়ালসহ ১৫জনকে আসামি করে শশীভূষণ থানায় মামলা করেছেন নিহতের বাবা মোস্তফা লাঠিয়াল। থানা পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি ছিদ্দিক লাঠিয়াল, তার ছেলে কামাল, পুত্রবধূ জেসমিন ও নাতি নাহিদকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শশী ভূষণ থানার ওসি (তদন্ত) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এঘটনায় আহত হয়ে নিহতের ভাই শাহাবুদ্দিন ও রাসেল, স্ত্রী বিলকিছ ও মেয়ে মুন্নি চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
নিহতের ভাই শাহাবুদ্দিন জানান, ছিদ্দিক লাঠিয়ালের হাঁস সিরাজ লাঠিয়ালের মুগডাল ক্ষেত নষ্ট করে। সিরাজ লাঠিয়াল বিষয়টি জানাতে গেলে ক্ষিপ্ত হয়ে চাচাতো ভাই হারুন লাঠিয়াল, চাচা ছিদ্দিক লাঠিয়ালসহ তার স্বজনরা সিরাজ লাঠিয়ালের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত সিরাজ লাঠিয়ালকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এসময় ভাই সিরাজ লাঠিয়ালকে রক্ষা করতে গিয়ে তারাও হামলার শিকার হয়ে আহত হয়েছেন।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আফজাল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই সিরাজ লাঠিয়ালের মৃত্যু হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শশী ভূষণ থানার ওসি (তদন্ত) মো.সাইদুর রহমান জানান, এজাহারভুক্ত আসামি ছিদ্দিক লাঠিয়াল ও তার ছেলে কামাল, পুত্রবধূ জেসমিন ও নাতি নাহিদকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে।
ইত্তেফাক/এসএস