আদমদীঘিতে স্বামীর মৃতুতে স্ত্রী গ্রেফতার

বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রাম সরদার পাড়ায় এখলাছ উদ্দিন বিপ্লব নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি মঙ্গলবার রাতে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 
 
পুলিশ বুধবার নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় স্ত্রী সাইমা বেগমকে গ্রেফতার করা হয়। নিহতের ভাই বাধন বাদী হয়ে ভাবী সাইমা বেগমের (২৮) বিরুদ্ধে থানায় প্ররোচনা মামলা দায়ের করেন।
 
জানা যায়, আদমদীঘির শালগ্রামের আব্দুল হাইয়ের ছেলে এখলাছ উদ্দিন বিপ্লবের (৩২) সাথে একই উপজেলার সান্তাহার পৌঁওতা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে সাইমা বেগমের বিয়ে হয় প্রায় ৮/৯ বছর পূর্বে। বিয়ের পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। প্রায় প্রতিদিন তাদের মধ্যে টাকা পয়সা নিয়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। গত মঙ্গলবার সন্ধ্যায় বিল্পব বাড়িতে ফিরলে পুনরায় টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। বিল্পব টকার হিসাব না দিলে গালিগালাজ করেন তার স্ত্রী। পরে রাতে  স্ত্রী সাইমা বেগম তার স্বামী বিপ্লবকে ঘরে আটক রেখে বাইরে থেকে ঘরের দরজায় শিকল তুলে দিয়ে বারান্দায় শুয়ে থাকে। রাত দুইটার সময় সাইমা ঘরের দরজা খুলে দেখতে পান তার স্বামী বিল্পব শোয়ার ঘরে ফ্যানের সাথে ওরনা দিয়ে ফাঁস লাগিয়ে অাত্মহত্যা করেছেন। এসময় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে নওগাঁ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
ওসি তদন্ত অফিসার কিরণ রায় মামলা দায়ের ও সাইমাকে গ্রেফতারের কথা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি অাত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে সঠিক তথ্য জানা যাবে।
 
ইত্তেফাক/এমআই