দৌলতদিয়া-পাটুরিয়ায় এক ঘণ্টা ফেরি বন্ধ, ৩ কিলোমিটার যানজট

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে বুধবার ঝোড়ো বাতাসের কারণে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে একটি ফেরি ও দুটি যাত্রীবাহি লঞ্চ আটকা ছিল। ফরিদপুরের আটরশি ও চন্দ্রপুরির অতিরিক্ত গাড়ির কারণে দৌলতদিয়া ঘাটে তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। 
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় জানায়, বুধবার বেলা দুইটার দিকে ঝোড়ো বাতাস সৃষ্টি হলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। এক ঘণ্টা বন্ধের পর বিকেল ৩টার পর ঝোড়ো বাতাতের গতিবেগ কমে আসলে ফেরি চলাচল শুরু হয়। এ ছাড়া এই নৌপথে ১৭টি ফেরির মধ্যে বুধবার সকালে দুটি ফেরি পাবনার কাজিরহাট রুটে গেছে। বাকি ১৫টির মধ্যে দেড় মাস ধরে একটি ফেরি যান্ত্রিক ক্রটিতে বন্ধ এবং ১৪টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে। ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিল ও চন্দ্রপুরি আসা অতিরিক্ত গাড়ির চাপ পড়ায় দৌলতদিয়া ঘাটে প্রায় তিন কিলোমিটার লম্বা গাড়ির লাইন তৈরি হয়েছে। এ সব গাড়ি নদী পাড়ি দিতে অন্তত ৫-৬ ঘণ্টা করে অপেক্ষা করতে হচ্ছে। 
 
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, ঝড়ের কারণে এক ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। নৌযান চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ঘাটে আটকে থাকা গাড়ির সংখ্যা বেশি রয়েছে। 
 
ইত্তেফাক/ইউবি