ধুনট উপজেলায় ট্রাকের ধাক্কায় পোশাককর্মী নিহত, তার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ধুনট-ঢেকুরিয়া পাকা সড়কের মাধবডাঙ্গা গ্রামের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত পোশাককর্মী ওমর ফারুক (৩৫) উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক ও তার স্ত্রী শাপলা খাতুন ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরি করেন। এক সপ্তাহ আগে কারখানা থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে অাসেন। বৃহস্পতিবার সকালের দিকে ওমর নিজ বাড়ি থেকে স্ত্রী শাপলা বেগম (২৫) ও মেয়ে নুপুর খাতুনকে (৪) নিয়ে মোটরসাইকেলযোগে ধুনট শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নম্বর বিহীন একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর চালক পালিয়ে গেছেন।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম বলেছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি