পূর্বধলায় গৃহবধূর লাশ উদ্ধার, শাশুড়ি আটক

নেত্রকোনার পূর্বধলা থেকে বৃহস্পতিবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুুলিশ। এ ঘটনায় তার শাশুড়িকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর নাম সুমাইয়া খানম সুমি (২১)। তিনি ওই গ্রামের হদয় মিয়ার স্ত্রী।
 
নিহতের বাবা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজী সিমলা গ্রামের আবু সাঈদ জানান, দেড় বছর আগে তার মেয়েকে বিয়ে দেন তারই ভাগ্নে পূর্বধলার সাধুপাড়া গ্রামের আবুল কালামের ছেলে হৃদয় মিয়ার সাথে। বিয়ের কিছু দিন পর তার জামাতা হৃদয় মিয়া সুমিকে বাড়িতে রেখে কাজের জন্য ঢাকায় যায়। আর এদিকে বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই সুমিকে মারধর করতেন নেশাগ্রস্ত শ্বশুর আবুল কালাম ও শাশুড়ি রিপা । বুধবার রাতে মারধর করলে তার মেয়ে মারা যায়।
 
পূর্বধলা থানার ওসি বিল্লাল উদ্দিন জানান, নিহতের মুখে হালকা দাগ রয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। সুমির শাশুড়িকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি