মালিঙ্গাকে বোর্ডের আলটিমেটাম

এখনো পুরোদস্তুর ক্রিকেটার তিনি। নিজেও জাতীয় দলে ফেরার আশা প্রকাশ করেছেন। কিন্তু সেই লাসিথ মালিঙ্গা আইপিএলে দল না পেয়ে মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং মেন্টর হিসেবে কাজ করছেন। আর এটাই মালিঙ্গার ক্যারিয়ারকে সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে। ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি) থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সহকারী কোচের এই ভূমিকা ছেড়ে দেশে ফিরে ঘরোয়া ক্রিকেট না খেললে তার আর জাতীয় দলে বিবেচিত হওয়ার সম্ভাবনা নেই।
 
মালিঙ্গা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৭ মাস আগে; ভারতের বিপক্ষে হোম সিরিজে। এরপর থেকে আরব আমিরাত, ভারত ও বাংলাদেশ সফর এবং দেশের মাটিতে নিদাহাস ট্রফিতে তাকে দলে ডাকা হয়নি। এবার তিনি আইপিএলেও দল পাননি। মালিঙ্গার সঙ্গে এক দশকের খেলোয়াড়ী সম্পর্ক এবার ছিন্ন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামেও তাকে অন্য কোনো দল কেনেনি। শেষ পর্যন্ত সেই মুম্বাইতেই বোলিং মেন্টর হিসেবে কাজ করছেন তিনি।
 
এ অবস্থায় শ্রীলঙ্কার আন্তঃপ্রাদেশিক ওয়ানডে টুর্নামেন্টের জন্য ঘোষিত দলে নাম রাখা হয়েছে এক সময়ের ত্রাস এই বোলারের। কিন্তু এর আগেই ভারত থেকে এক ভিডিও বার্তায় মালিঙ্গা বলেছেন, আইপিএল শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো ঘরোয়া ক্রিকেট খেলবেন না। তবে একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুলাই মাসে হোম সিরিজে খেলার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন মালিঙ্গা এই ভিডিওতে।
 
কিন্তু এসএলসি পরিষ্কার করেছে, সে সম্ভাবনা তৈরি করতে হলে ক্রিকেট খেলতে হবে এই ফাস্ট বোলারকে।  এসএলসি প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, ‘লাসিথ যদি ঘরোয়া ক্রিকেট না খেলে, নির্বাচকরা নিশ্চয়ই তার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবে।’
 
ইনজুরি থেকে ফেরার পর মালিঙ্গার পারফরম্যান্সও খুব বিবর্ণ। এই সময়ে ১৩ ওয়ানডেতে ৬২ গড়ে মাত্র ১০টি উইকেট নিতে পেরেছেন এই বোলার। যেখানে তার ক্যারিয়ার বোলিং গড় ২৮। লাসিথ মালিঙ্গাকে যে ঘরোয়া এই টুর্নামেন্টের দলে রাখা হয়েছে এবং সেখানে খেলার জন্য বলা হয়েছে, সেটা নিশ্চিত করেছেন এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা, ‘আমরা লাসিথকে জানিয়েছি যে, তাকে দলে রাখা হয়েছে। সে যদি আন্তঃপ্রাদেশিক এই টুর্নামেন্ট না খেলে, তাহলে তাকে নির্বাচকদের বিবেচনা করার সম্ভাবনা খুব কম।’
 
বোর্ড প্রেসিডেন্ট সুমাথিপালা বলেছেন, মালিঙ্গার এখনো টি-টোয়েন্টি খেলার যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু মাঠের বাইরে থেকে সে সুযোগ পাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এমনকি আইপিএলে খেলোয়াড় হিসেবে থাকলেও মালিঙ্গাকে তারা বিবেচনা করতে পারতেন। কিন্তু বাইরে বসে থাকা একজনকে বিবেচনা করা যায় না বলে বলেছেন সুমাথিপালা, ‘আমি বিশ্বাস করি, আমরা এখনো ওকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভালোভাবে ব্যবহার করতে পারি। ও যদি আইপিএলে ম্যাচ খেলত, তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু ঘটনা হচ্ছে, ও তো বেঞ্চে বসে থাকছে।’
 
ইত্তেফাক/রেজা