পাকিস্তানে সফর করতে নিউজিল্যান্ডকে পিসিবির অনুরোধ

চলতি বছরের শেষ দিকে পাকিস্তান সফরে যেতে নিউজিল্যান্ড অনুরোধ জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। চলতি বছরের শেষদিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের আয়োজনে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে কিউইদের। তিনটি করে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে পূর্ণাঙ্গ এই ট্যুরে। 
 
সেই পূর্ণাঙ্গ সিরিজ ঘরের মাটিতে খেলতে এবার তৎপরতা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।  নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের একজন মুখপাত্র বলেন, ‘পাকিস্তানে খেলতে পিসিবি চেয়ারম্যান আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এই অনুরোধের প্রেক্ষিতে আমরা এখন নিরাপত্তা সংস্থা, সরকার ও দলের খেলোয়াড়দের সঙ্গে বসব। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
 
পাকিস্তানে কিউইরা সবশেষ টেস্ট সিরিজ খেলে ২০০২ সালে। দুটি টেস্ট খেলার কথা থাকলেও এক ম্যাচ পরই তারা দেশে ফিরে গিয়েছিল। কারণ দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালেই টিম হোটেলের পাশে এক বোমা বিষ্ফোরণ ঘটে। সেই হামলায় ১১ ফরাসি প্রকৌশলীসহ ১৫ জন প্রাণ হারান। নিউজিল্যান্ড দল সেই হামলার লক্ষ্য ছিল না। এরপর তাৎক্ষণিকভাবে সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড দল। যদিও পরের বছর ওয়ানডে সিরিজ খেলতে ফের পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড দল। 
 
এরপর ২০০৯ সালের ডিসেম্বরে ফের পাকিস্তান সফরের কথা ছিল নিউজিল্যান্ডের। কিন্তু ওই বছর মার্চে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশটিতে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। ২০১৫ সালে এরপর প্রথমবারের মতো জিম্বাবুয়ে দল তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করে। ‍এরপর পাকিস্তান সুপার লিগের চারটি, বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয় পাকিস্তানে।
 
ইত্তেফাক/কেআই