আল্টিমেটাম আমলে নেননি মালিঙ্গা

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এর আল্টিমেটাম সত্ত্বেও প্রদেশভিত্তিক ওয়ানডে টুর্নামেন্টে আপাতত যোগ দিচ্ছেন না লাসিথ মালিঙ্গা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই বোলিং লিজেন্ড মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর হিসেবে কাজ করছেন তিনি। সেই দায়িত্ব শেষ করেই দেশে ফিরবেন। সে কারণেই ৩৪ বছর বয়সী এই পেসারকে ঘরোয়া এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ মিস করতে হচ্ছে। 
 
তবে এসএলসি একদিন আগেই আল্টিমেটাম দিয়েছিল জাতীয় দলে বিবেচনার জন্য মালিঙ্গাকে অবশ্যই ঘরোয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে। অন্যথায় তার জাতীয় দলে খেলার কথা ভুলে যেতে হবে। আল্টিমেটাম আমলে না নিলেও আগামী জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে জায়গা পাওয়ার আশা মালিঙ্গার। 
 
তিনি বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সে আমার কাজ শেষ হবে ২৫ কি ২৬ মে। কিন্তু এরপরও অনুশীলনের যথেষ্ট সুযোগ পাব। প্রস্তুতি ম্যাচও আছে এর মধ্যে। যদি সেখানে আমি ভালো করি তবে নির্বাচকরা আমাকে নিক।
 
মালিঙ্গা গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এরপর চলতি বছর জানুয়ারিতে এসএলসি আয়োজিত ক্লাব টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেন। মোট ১৭ উইকেট নিয়ে প্রতিযোগিতায় যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি হন মালিঙ্গা।  
 
ইত্তেফাক/কেআই