তানোরে ইউপি চেয়ারম্যানের পুত্রসহ আটক ৮

তানোরে ইউপি চেয়ারম্যানের পুত্রসহ ৮জনকে আটক করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল জব্দ করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার তালন্দ-চৌবাড়িয়া রাস্তায় এবং বৃহস্পতিবার দুপুরে তানোর সদরের গোল্লাপাড়া হাজী ছাত্রাবাসে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এস আই সাইফুল ইসলাম, এস আই নাজমুল হক মৃধা ও এএসআই শরিফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ফেন্সিডিলসহ আটককৃতরা হলেন, উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের চেয়ারম্যান মোসলেম উদ্দিন প্রামানিক এর পুত্র মোজাম্মেল হক ওরফে বকুল (২৮), নওগাঁ জেলার মান্দা উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকার রফিকুল ইসলামের পুত্র মুকুল আহম্মেদ (২৮), দেলুয়াবাড়ী গ্রামের গোবিন্দ চন্দ্র দাসের পুত্র গোপাল চন্দ্র দাস (২২) এবং উপজেলার গোল্লাপাড়া গ্রামের মৃত আবেদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম(২৫)।
 
এদিকে, হাজী ছাত্রাবাসে ইয়াবা সেবনকালে আটককৃতরা হলেন, আমশো তাঁতিয়ালপাড়ার শরিয়ত মন্ডলের পুত্র নজরুল ইসলাম(২৮), একই গ্রামের বদর আলীর পুত্র নাইম হোসেন(২৫), রায়তন আকচা গ্রামের হযরততুল্লাহর পুত্র শিক্ষার্থী জয়নুল আবেদিন(২৪) ও একই গ্রামের আলহাজ্ব এরশাদতুল্লাহর পুত্র রোকুজ্জামান (২৬)।
  
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু