রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) গ্রুপের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, যুব সমিতির কেন্দ্রীয় সদস্য তনক চাকমা ও খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা যুব সমিতির সভাপতি সুজন চাকমা। আহতদের মধ্যে পরে চিকিৎসাধীন অবস্থায় সেতুলাল চাকমা ও মাইক্রোবাসের চালক মো. সজীব মারা যান।
বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটির নানিয়ারচরের উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। শক্তিমান চাকমা সংস্কারপন্থি নামে পরিচিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের শীর্ষ নেতা ছিলেন।
IMG0
আজ শুক্রবার তার শেষকৃত্য অনুষ্ঠান ছিল। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে খাগড়াছড়ি থেকে একটি মাইক্রোবাসে ১১ জন রাঙামাটির নানিয়ারচর উপজেলার পুকুর মারা গ্রামে যাচ্ছিলেন। পথে খালিয়াজুড়ি নামক এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের মাইক্রোবাসে হামলা ও গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও আটজন আহত হন। আহতদের খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে নেয়ার পথে দুইজন মারা যান।
রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলেন জানান।
ইত্তেফাক/ এসএস/ইউবি