অভিষেক টেস্টে আয়ারল্যান্ডের দল ঘোষণা

নিজেদের অভিষেক টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড। আগামী ১১ মে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট খেলতে নামছে আইরিশরা। পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে দলের অধিনায়কত্ব করবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
 
প্রধান কোচ গ্রাহাম ফোর্ড একটি শক্তিশালী দলই ঘোষণা করেছেন। আয়ারল্যান্ডের অভিষেক টেস্ট হলেও দলটির একজন খেলোয়াড়ের টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি হলেন- বয়েড র‌্যানকিন। ২০১৩-১৪ মৌসুমে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন র‌্যানকিন। সেটিই ছিলো তার প্রথম ও শেষ টেস্ট। ওই টেস্টে বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ১৩ রান করেন ৩৩ বছর বয়সী র‌্যানকিন। 
 
আয়ারল্যান্ডের হয়ে অভিষেক খেলতে পারলে রেকর্ড বইয়ে নাম তুলবেন র‌্যানকিন। বিশ্বের ১৫তম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দু’দেশের হয়ে খেলার নজির গড়বেন রানকিন। প্রথম এমন নজির গড়েছিলেন কেপলার উইসেলস। ১৯৮২ সালে অস্ট্রেলিয়ার হয়ে খেলার পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ম্যাচ খেলেন তিনি। গেল অক্টোবরে আয়ারল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করা অস্ট্রেলিয়ান বংশদ্ভুত নাথান স্মিথকেও রাখা হয়েছে আইরিশদের অভিষেক টেস্টের দলে।  
 
উল্লেখ্য, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি গত জুনে জুনে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট মর্যাদা দেয়। আয়ারল্যান্ডের মত খুব শীঘ্রই টেস্ট অভিষেক হতে যাচ্ছে আফগানিস্তানের। আগামী ১৪ জুন ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হবে আফগানদের। 
 
আয়ারল্যান্ড টেস্ট দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, এড জয়েসে, টাইরোন কেন, অ্যান্ডি ম্যাকব্রিন, টিম মুরতাগ, কেভিন ও’ব্রায়ান, নিল ও’ব্রায়ান, বয়েড র‌্যানকিন, নাথান স্মিথ, পল র্স্ট্রালিং, জেমস শ্যানন, স্টুয়ার্ট থমসন ও গ্যারি উইলসন। 
 
ইত্তেফাক/কেআই