সমৃদ্ধির জন্য নৌকার সঙ্গে চলতে হবে : খালিদ

দেশের আরো সমৃদ্ধি ও উন্নয়নের জন্য নৌকা মার্কার সঙ্গে পথ চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার এক জনসভায় তিনি বলেন, বাংলাদেশকে যদি হৃদয় থেকে ভালবাসেন, সত্য ও ন্যায়ের পথে থাকেন- দেশের মঙ্গলের জন্য আগামীতে অবশ্যই আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
 
দিনাজপুরের বিরল উপজেলায় এ নির্বাচনী জনসভায় খালিদ মাহমুদ বলেন, সমৃদ্ধির ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নেয়ার মত নেতৃত্ব শেখ হাসিনা ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। উন্নত বাংলাদেশ গঠনে শেখ হাসিনার বিকল্প নেই। এখন পর্যন্ত বাংলাদেশের যত অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আর স্বাধীন বাংলাদেশকে উন্নয়ন ও সমৃদ্ধির ধারায় নিয়ে এসেছেন শেখ হাসিনা। এ ধারাবাহিকতা রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
 
উপস্থিত জনতার উদ্দেশ্যে খালিদ বলেন, নৌকায় ভোট দিয়ে আপনারা ঘরে ঘরে বিদ্যুত পেয়েছেন। আপনাদের ছেলে-মেয়েরা বিনামূল্যে বই পাচ্ছে। আপনাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আওয়ামী লীগ সরকার নিয়েছে। দরিদ্র কৃষক- আপনারা বিনামূল্যে সার, কৃষি বীজ পাচ্ছেন। অসহায় বয়স্ক লোকজন সরকারি সাহায্য পাচ্ছেন। কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পাচ্ছেন। ইন্টারনেটের সুবিধা কাজে লাগিয়ে দেশ-বিদেশে মুহূর্তে যোগাযোগ করতে পারছেন। এসব সুবিধা শেখ হাসিনার সরকার দিয়েছে। এসব সুযোগ-সুবিধার ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও নৌকায় ভোট দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে আবারো কৃষক সার পাবেনা, সারের জন্য লাইনে দাঁড়িয়ে বিএনপি আমলের মতো হাহাকার করবে। কমিউনিটি ক্লিনিকের বিনামূল্যের স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যাবে। শিক্ষার হার কমে যাবে। বিদ্যুত উৎপাদন বন্ধ হয়ে যাবে। গ্রাম-গঞ্জের মানুষের আরো সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কারণ, এদেশের গরীব-দুঃখী মানুষের সুযোগ সুবিধার জন্য একমাত্র আওয়ামী লীগই কাজ করে যাচ্ছে। দেশ স্বাধীনের পর থেকে অন্য কোন সরকার আওয়ামী লীগের মতো উন্নয়ন দিতে পারে নাই।
 
পলাশবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
 
ইত্তেফাক/রেজা