চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে চলতি মাসের শেষ ভাগেই লিভারপুলকে হারিয়ে মৌসুমের হতাশা কাটানোর সুযোগ রয়েছে রিয়াল মাদ্রিদের। কিন্তু এর আগেই যে লা লীগার ‘গুরুত্বহীন’ এল ক্লাসিকোতে বার্সেলোনার মোকাবেলা করতে যাচ্ছে জিনেদিন জিদানের দলটি। যে ম্যাচে কাতালানদের হারিয়ে লীগে তাদের অপরাজিত থাকার তকমাটি ভাঙ্গতে চায় রিয়াল।
ইতোমধ্যে লা লীগার শিরোপা নিশ্চিত করে ফেলায় বার্সেলেনার কাছে ম্যাচের ফলাফল গুরুত্বহীন হয়ে পড়েছে। যে কারণে আগামী রোববার ক্যাম্প ন্যুর ম্যাচটিকে ‘ক্লাসিকো অব অনার’ হিসেবে উল্লেখ করেছে মাদ্রিদের দৈনিক পত্রিকা মার্সা। যে ম্যাচে জয় পেলে অন্তত লীগের দ্বিতীয় শীর্ষ দল হিসেবে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ খেলার সুযোগ সৃস্টি করতে পারবে রিয়াল মাদ্রিদ। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটি দখল করে আছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বি অ্যাটলেটিকো মাদ্রিদ।
এদিকে ঘরোয়া আসরে দুটি ট্রফি নিশ্চিত করলেও চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়া বার্সেলোনা বেশ সতর্ক। বিশেষ করে বিজয় উৎসব উদযাপনের ক্ষেত্রে। কোচ আর্নেস্টো ভালদার্দে বলেন, ‘চ্যাম্পিয়ন্স লীগ থেকে ছিটকে পড়ার ঘটনাটি ছিল অপ্রত্যাশিত। যা আমাদের পীড়া দিচ্ছে। ওই ঘটনাটি আমাদের অর্জনকে কঠিন করে তুলেছে। জানিনা আমরা কি করতে যাচ্ছি। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করব।’
ইউরো আসর থেকে ছিটকে পড়লেও তাদের আক্ষেপ কিছুটা কমিয়ে দিয়েছে কোপা দেল রে ও লীগ শিরোপা। এখন অপরাজিত থেকে প্রথমবারের মত লীগ মৌসুম শেষ করতে চায় কাতালানীয় ক্লাবটি। তারা মনে করছে যেহেতেু চ্যাম্পিয়ন্স লীগের গুরুত্বপুর্ন ম্যাচটি এখনো সামনে রয়েছে তাই রিয়াল আসন্ন ম্যাচ জয়ের জন্য একেবারে মরিয়া হয়ে লড়বেনা। যদিও ম্যাচে শক্তিশারী দল গঠনেরই পরিকল্পনা করছেন জিদান।
এখন রিয়ালের ১৩তম ইউরো শিরোপা অর্জন করাটা সময়ের ব্যাপার। কারণ তাদের ওই পথে বড় বাঁধা ছিল বার্সেলোনা। দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ায় মাদ্রিদ জায়ান্টদের পথ অপেক্ষাকৃত মসৃন রয়েছে।
রিয়ালের মিডফিল্ডার টনি ক্রুস বলেন, ‘টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলা দারুন একটি ব্যাপার। এর মাধ্যমে সর্বশেষ ৫ বছরের মধ্যে চারটি শিরোপা জয়ের সুযোগও রয়েছে। বিষয়টি বর্ণনা করা আমার জন্য কঠিন। আমরা যখন চ্যাম্পিয়ন্স লীগে খেলতে আসি তখন আমাদের মধ্যে বাড়তি অনুপ্রেরনা যুক্ত হয়।’
এদিকে সপ্তাহের শেষ ভাগের ম্যাচে হার এড়াতে চায় বার্সেলোনা। একই সঙ্গে ভিলারিয়াল, লেভান্তে ও রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে লীগের শেষ তিনটি ম্যাচে জয়লাভের মাধ্যমে মৌসুমটিকে স্মরনীয় করে রাখতে চায় কাতালান জায়ান্টরা।
তবে ক্যাম্প ন্যুতে যদি রিয়াল জয় লাভ করে, সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে লিভারপুলকে হারাতে পারে, তাহলে মৌসুমের ভারসাম্য তাদের দিকেই ঝুকে পড়বে। খেলোয়াড়ি জীবনে এই ম্যাচটি হবে স্প্যানিশ আন্তর্জাতিক ইনিয়েস্তার জন্য ক্যারিয়ারের শেষ ‘ক্লাসিকো’। বাসস।
ইত্তেফাক/রেজা