হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। শনিবার ভোর থেকে এ ধর্মঘট শুরু হয়। এর আগে পাম্প থেকে গ্যাস নিতে রাস্তা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক গ্রুপ।
 
সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরেই সিএনজি অটোরিকশাগুলো হবিগঞ্জ শহরের প্রবেশদ্বার পোদ্দারবাড়ি এলাকায় মেইন রোড ও বাইপাস সড়কে দুটি রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গ্যাস নেয়ার জন্য অপেক্ষা করে আসছে।
 
ফলে হবিগঞ্জ-সিলেট এবং হবিগঞ্জ-ঢাকা সড়কের বাসগুলো ঠিকমত চলাচল করতে পারছেনা। ইতিপূর্বে বিষয়টি নিয়ে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) সভায় সিদ্ধান্ত নেয়া হয় তারা যেন মেইন রোডে না দাঁড়ায় এবং বাইপাস সড়ক বন্ধ করা যাবে না। কারণ এ সড়ক দিয়ে জেলার সব ধরণের বাস চলাচল করে। এ সিদ্ধান্ত নেয়ার পরও তারা তা মানছে না।
 
বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তারাও কোন পদক্ষেপ নিচ্ছেন না। এ অবস্থায় বাধ্য হয়েই শুক্রবার রাতে জেলা মোটর মালিক গ্রুপের বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জেলার সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি