হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আজ শনিবার ভোরে শুরু হয়। অবশ্য দুপুরেই তা প্রত্যাহারও করে নেয়া হয়েছে। এর আগে পাম্প থেকে গ্যাস নিতে রাস্তা বন্ধ করে ঘণ্টার পর ঘণ্টা সিএনজি অটোরিকশা দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক গ্রুপ।
 
সংগঠনের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, দীর্ঘদিন ধরেই সিএনজি অটোরিকশাগুলো হবিগঞ্জ শহরের প্রবেশদ্বার পোদ্দারবাড়ি এলাকায় মেইন রোড ও বাইপাস সড়কে দুটি রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে গ্যাস নেয়ার জন্য অপেক্ষা করে। ফলে হবিগঞ্জ-সিলেট এবং হবিগঞ্জ-ঢাকা সড়কের বাসগুলো ঠিকমতো চলাচল করতে পারে না। এসব সড়কে বাস চলাচলের জন্য একটি নির্দিষ্ট সময় দেয়া থাকলেও গাড়িগুলো কখনওই সময় মতো গন্তব্যে পৌঁছুতে পারে না। ইতিপূর্বে বিষয়টি নিয়ে রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটির (আরটিসি) সভায় সিদ্ধান্ত নেয়া হয় তারা যেন মেইন রোডে দাঁড়ায়। বাইপাস সড়ক বন্ধ করা যাবে না। কারণ এ সড়ক দিয়ে জেলার সব ধরণের বাস চলাচল করে। এ সিদ্ধান্ত নেয়ার পরও তারা তা মানছে না।
 
তিনি আরও জানান, বিষয়টি প্রশাসনকে জানানো হলে তারাও কোন পদক্ষেপ নিচ্ছেন না। এ অবস্থায় বাধ্য হয়েই গতকাল রাতে জেলা মোটর মালিক গ্রুপের বৈঠকে ধর্মঘটের ডাক দেয়া হয়। আজ দুপুর দেড়টায় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তা আবার প্রত্যাহার করে নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এসএস