সুনামগঞ্জের সাক্কুয়ার হাওরে বজ্রপাতে এইচএসসি পরীক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উজান সাফেলা ও ভাটি সাফেলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উজান সাফেলা গ্রামের রাধিকা রঞ্জন দাসের মেয়ে রেখা রানী দাস (১৮) ও ভাটি সাফেলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. একলাছুর রহমান (৪৫)।
স্থানীয়রা জানান, কৃষক এখলাছুর রহমান সাক্কুয়ার হাওরে ধান কাটার সময় এবং রেখা রানী বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রেখা রানী এবং হাসপাতালে চিকিৎসাধীন এখলাছুর রহমান মারা যান।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/ইউবি