মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ছাড়া পুরুষ আবার পুরুষ ছাড়া নারী একজন ছাড়া অন্যজন চলতে পারে না। পারে না দেশকে উন্নয়নের উচ্চতায় টেনে নিতে। তাই নারী-পুরুষ সমতা অবশ্যই প্রয়োজন। নারীকে ছোট করে দেখার কোন সুযোগ নেই। উভয়ের মধ্যে সমান মর্যাদা দিতে হবে। আর এই মর্যাদার জন্যই এতো আন্দোলন-সংগ্রাম।
আজ শনিবার মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ও গাজীপুর গণপূর্ত বিভাগের বাস্তবায়নে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে শহীদ ময়েজউদ্দিন বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চুমকি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মেয়েরা এখন স্কুলমুখী হয়েছে। তাদের বিনামূল্যে বই দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে উপবৃত্তি। সরকার নারী এবং পুরুষ উভয়ের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে বিভিন্নরকম ভাতার ব্যবস্থা করেছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, শহীদ ময়েজউদ্দিন বৃত্তিমূলক আবাসিক মহিলা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রতি বছর ২শ’ নারীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষ করে তোলা হবে। এতে করে সুবিধাভোগী নারীর পরিবার ও দেশের অর্থনীতি লাভবান হবে। আর এই ধারা অব্যাহত থাকলে শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।
মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ওই অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) কাজী রওশন আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, অতিরিক্ত সচিব মাহমুদা শারমিন বেনু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. আতাউর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. শরীফুল ইসলাম সরকার তোরণসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ইত্তেফাক/এসএস