খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাফিজুর রহমানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শনিবার তাকে দল থেকে বহিস্কার করা হয়। তার বিরুদ্ধে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেকের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ার অভিযোগ রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক তাকে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সম্পদকসহ বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বহিস্কারাদেশে উল্লেখ করা হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিস্কারাদেশের চিঠির অনুলিপি মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিকে দেয়া হয়েছে।
শেখ হাফিজুর রহমানের বহিস্কারের সত্যতা স্বীকার করে খুলনা মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আমরা শেখ হাফিজুর রহমানের বহিস্কারের চিঠি ইমেইলের মাধ্যমে পেয়েছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তার মত অন্য কারো বিরুদ্ধে যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বিএনপির যুগ্ম সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এবং একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ হাফিজুর রহমান সম্প্রতি প্রকাশ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। এ নিয়ে দলের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ইত্তেফাক/কেআই