কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮০.৪০ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৮০.৪০ শতাংশ। এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে।
 
এ বছর ১ লাখ ৮২ হাজার ৭১১জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪৬ হাজার ৮৯৭জন। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৬৫জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান রবিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
 
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৩৮ শতাংশ। এ বিভাগে ৫৪ হাজার ৮৭৯জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৭৯৫জন। মানবিক বিভাগে পাসের হার ৬৭ দশমিক ৮৫ শতাংশ। এ বিভাগে ৫১ হাজার ৭৭৭জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ৩৫ হাজার ১৩১জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৮৫ শতাংশ। এ বিভাগে ৭৬ হাজার ৫৫জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৯৭১জন। এ বোর্ডে এবার ফলাফলে ছেলেরা এগিয়ে রয়েছে।
 
ছেলেদের পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৭৯ দশমিক ৬৯ শতাংশ। এ বছর ১ হাজার ৭০৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টি প্রতিষ্ঠানে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে এবং কোন প্রতিষ্ঠানে পাসের হার শূন্য নেই।
 
উল্লেখ্য, গত বছরের তুলনায় এ বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ২৬৮জন বৃদ্ধি পেলেও পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি